২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনকে নিয়ে ভারতের জবাবের অপেক্ষা

নূর হোসেনের গ্রেপ্তার এবং তাকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে ভারতের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

নারায়ণগঞ্জে আলোচিত সাতখুনের প্রধান আসামিকে দেশে ফিরে পেতে ভারতীয় কর্তৃপকক্ষকে চিঠি দেয়া হয়েছে বলে মঙ্গলবার প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছেন।

“তাদের আনুষ্ঠানিক জবাবের পরই আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারবো,” বলেন তিনি।

গত শনিবার রাতে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী বাগুইহাটির একটি বহুতল ভবন থেকে দুই সহযোগীসহ নূর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনজনকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছে উত্তর চব্বিশ পরগণার একটি আদালত।

অসুস্থ হয়ে পড়া সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে সোনারগাঁও হোটেলে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

সকালের একটি কর্মসূচি বাতিল করেছেন হুন সেন।

‘অসুস্থতার’ কারণে তিনি তা করেছেন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটা তেমন গুরুতর কিছু নয়।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পূর্ব নির্ধারিত বিকালের বৈঠক সময়মতো অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে নূর হোসেনের বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তারা। ভারতীয় কর্তৃপক্ষ বিস্তারিত জানানোর পরই সরকার এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানাবে।

প্রতিমন্ত্রী বলেন,  সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে নূর হোসেনের গ্রেপ্তার এবং তাকে কী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে পারেন না তারা।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।

অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়।

মামলার পর অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর আড়ালে চলে যান নূর হোসেন, এক মাসেরও বেশি সময় পর কলকাতায় গ্রেপ্তার হন যিনি।

নূর হোসেন ও তার সহযোগীরা র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে নজরুলসহ সাতজনকে হত্যা করিয়েছে বলে নিহত কাউন্সিলরের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।

তার অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ এর তৎকালীন কমান্ডার তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে প্রথমে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং পরে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।

এরপর উচ্চ আদালতের নির্দেশে ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, যাদের দুজন হত্যাকাণ্ডে ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এরইমধ্যে নূর হোসেনকে ধরতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ।

পরিবহন শ্রমিক থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর হওয়া নূর হোসেন শীতলক্ষ্যার তীরে অবৈধ বালু ব্যবসাসহ বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা চালাতেন। সিদ্ধিরগঞ্জ ট্রাকস্ট্যান্ডে তার কয়েকটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করে পুলিশ।