একরাম হত্যায় আরেকজন গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার দুপুরে শহরের একাডেমি এলাকা থেকে আজমীর হোসেন রায়হানকে (২১) গ্রেপ্তার করা হয়।
রায়হান ফেনী সদরের পশ্চিম সোনাপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
এ নিয়ে পুলিশ ও র্যাব একরাম হত্যার ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে ১৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মামলার এই তদন্ত কর্মকর্তা আরো বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে রায়হানকে সনাক্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আগে গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে তার নাম বলেছে।
হত্যায় জড়িত সবাইকে ধরতে পুলিশ ও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
গত ২০মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
