২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোমস্তাপুরে বাবা-মেয়ের ঝুলন্ত লাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিজের বাড়ি থেকে বাবা ও দুই মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 12:25 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্বাস উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্লভপুর পাড়ার বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- ওই গ্রামের বদরুল আলমের ছেলে মসিদুল হক অবুঝ (৩২), তার দুই মেয়ে অপি (১০) ও অমি (৬)।

এএসপি আব্বাস উদ্দিন বলেন, “ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য মসিদুলের স্ত্রী পরশমনিকে (২৬) আটক করা হয়েছে।”

লাশ তিনটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের কারণে মসিদুল তার দুই মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রতিবেশীদের উদ্ধৃত করে এএসপি আব্বাস বলেন, “আগের দিন সোমবার বিকালে মসিদুলের সঙ্গে ঝগড়ার পর তার স্ত্রী পরশমনি দুই বছরের ছেলে অনুকে নিয়ে বাবার বাড়ি চলে যায়।”

সকালে মসিদুলের মা ছেলে ও নাতনিদের ডাকতে গিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে অন্যদের জানান। বাড়ির লোকজন দরজা ভেঙ্গে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।

মসিদুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নিহত মসিদুলের চাচা রইস উদ্দীন ও প্রতিবেশী ইসমত আরা।

এএসপি জানান, পরশমনিকে তার বাবার বাড়ি থেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।