চট্টগ্রামে কাফন মোড়া লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং সিএসডি গোডাউন এলাকায় কাফনের কাপড় মোড়ানো এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় দুজন ব্যক্তি ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে দাফনের জন্য আনলে এলাকাবাসীর সন্দেহ হয়।
জিজ্ঞাসাবাদের মুখে লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় ওই দুজনকে স্থানীয়রা ধরে ফেলে বলে ডবলমুরিং থানার এসআই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “তারা লাশটি দাফনের জন্য এনেছিল। এসময় এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করলে লাশটি পাশের ডাস্টবিনে ফেলে তারা পালানোর চেষ্টা করে।”
আটক দুজনের মধ্যে একজন নিহত নারীকে তার বোন দাবি করে পুলিশকে বলেছেন, ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন তার বোন।
নিহতের মাথা থেতলানো রয়েছে জানিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনে হচ্ছে, এই নারী দুর্ঘটনায় নিহত হয়েছেন।”
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি জানিয়েছেন, তাদের বাসা পাকা রাস্তার মাথা এলাকায়।
সেখানে লাশ দাফন না করে কেন এখানে আনা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কি না তা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা তানভীর।
