চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম নগরীতে পৃথক দুইটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় নগরীর মুরাদপুর এলাকায় এআর শপিং সেন্টার নামে একটি তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রহমান (২০) নামে এক যুবক।
নিহত অপর যুবকের নাম মো. হাসান (২০)। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাঁচলাইশ থানার এসআই মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ফোনে কথা বলার সময় অসতর্কতাবশত: তিন তলা থেকে নিচে পড়ে যান রহমান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে রহমানকে স্থানীয় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাতালগঞ্জ এলাকায় নিলয় মঞ্জিল নামে একটি ভবনে নিজ বাসায় বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে মো. হাসান তড়িতাহত হন বলে জানান নায়েক জাহাঙ্গীর।
তিনি বলেন, “পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
