২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চট্টগ্রাম থেকে ফের কাশিমপুরে  

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রাম জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা শেষে আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর জ্যেষ্ঠ সুপার জামিল আহমেদ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজিরা শেষে সাকা চৌধুরীকে বহনকারী মাইক্রোবাসটি বিকাল সোয়া ৫টার দিকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ এসে পৌঁছে।

তিনি জানান, গাড়ি পোড়ানোর মামলায় চট্টগ্রামের জেলা জজ আদালতে হাজিরা দিতে গত বৃহস্পতিবার তাকে কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

রোববার দুপুরে তাকে চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির করা হয়। সোমবার সকাল ১০টায় কড়া পুলিশ পাহারায় তাকে নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রাম কারাগার থেকে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হয়।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে সীতাকুণ্ডে হরতালে গাড়ি পোড়ানোসহ নাশকতার মামলায় ২০১০ সালে ১৬ ডিসেম্বর সকালে সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

পরে ১৯ ডিসেম্বর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সাকা চৌধুরী যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন, যা এখনো নিষ্পত্তি হয়নি।