২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ‘যৌন উত্তেজক’ পানীয় কারখানা

নীলফামারীর সৈয়দপুর শহরে ‘যৌন উত্তেজক’ পানীয় কারখানার সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 04:37 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

সৈয়দপুর থানার এসআই তামভিরুল ইসলাম জানান, রোববার মধ্যরাতে শহরের বাঁশবাড়ি মহল্লার মাহাতাব বেগ রোডের ওই কারখানায় অভিযান চালিয়ে পাঁচ হাজার বোতল পানীয় ও পানীয় তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বিদেশি বিভিন্ন কোম্পানির লেবেল উদ্ধার করা হয়।

এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারখানার মালিক আফজাল হোসেনকে (৩০) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআই তামভিরুল জানান, নিয়মিত টহল দেয়ার সময় রোববার রাত ১১টার দিকে পুলিশের কাছে স্থানীয়রা আফজালের বাড়িতে যৌন উত্তেজক কারখানা থাকার অভিযোগ করেন।

তিনি বলেন, টহল পুলিশ আফজালের বাড়িতে ‘যৌন উত্তেজক‘ পানীয়ের কারখানার প্রাথমিক সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে মধ্যরাতে সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সাজেদুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় বাড়ির ভেতরে স্থাপিত কারখানা থেকে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামে বোতলজাত যৌন উত্তেজক এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়। এসব বোতলের গায়ে জিনসিন প্লাস, শক্তি প্লাস, টাইটোনিক, হর্স পাওয়ার, পাগলু ফিলিংস, স্পার্ক, মাশরুম পাওয়ার, জিনসিন গুরু, নাইট পাওয়ার ইত্যাদি কোম্পানির লেভেল লাগানো ছিল।

এছাড়াও ড্রিংকস্ তৈরির কাঁচামাল, লেবেল, খালি প্লাস্টিক বোতল, কার্টনসহ বিভিন্ন সরঞ্জম উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বলে জানান এসআই তামভিরুল।

সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান জানান, এ ঘটনায় রাতেই কারখানার মালিক আফজাল হোসেনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।