কৃষক লীগের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
বাংলাদেশের ভৌগোলিক অবস্থা বিচারে বনায়ন ও বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রোববার বিকালে গণভবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য বনায়ন ও বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন।”
বর্ষাকাল জুড়ে ‘আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-১৪২১’ পালনের পরিকল্পনা করেছে কৃষক লীগ।
আওয়ামী লীগ সভানেত্রী কৃষক লীগের সবস্তরের প্রত্যেক নেতাকেই একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা লাগানোর তাগিদ দিয়ে বলেন, “গাছ বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ আমাদের বাসস্থান দেয়।”
নদীর পাড়ে চারা গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ডুবোচরে গাছ লাগালে- চর জেগে যায়।”
জেলার নেতারা উপজেলা সফর করে স্থানীয় কৃষক লীগের নেতাদের দিয়ে একইভাবে ছোট ছোট দল করে দেবে। উপজেলার নেতারা ওয়ার্ড পর্যায়ে সফর করবেন। এভাবে তৃণমূল পর্যায় থেকে বৃক্ষ রোপণ করতে হবে।
প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে কর্মসূচির নামে বৃক্ষনিধন এবং হত্যাকাণ্ডের সমালোচনা করে বলেন, “যারা আন্দোলনের নামে মানুষ ও বৃক্ষ হত্যা করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
সম্প্রতি সরকারের এক লাখ ৭০ হাজার একর ভূমিকে সংরক্ষিত বনভূমি হিসাবে ঘোষণা দেয়া এবং উপকূলীয় অঞ্চলের জনগণের জীবন রক্ষা করতে সবুজ বেষ্টনী নির্মাণের কথাও বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত কৃষক লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দের হাতে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রহমত আলী, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
