২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালভার্ট দেবে চট্টগ্রাম-রাঙামাটি চলাচল ব্যাহত

চট্টগ্রাম-হাটহাজারী সড়কে একটি কালভার্ট দেবে রাঙামাটির সঙ্গে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

হাটহাজারীর এগারমাইল এলাকায় ভারী গাড়ি চলাচলের কারণে রোববার বিকাল ৫টার দিকে কালভার্টটি দেবে যায় বলে জানান হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল।

এতে চলাচল পুরোপুরি বন্ধ না হলেও সড়কের উভয়দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক দিনের পুরানো কালভার্টটি আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল এবং বিকল্প ব্যবস্থায় এটি কোনো রকমে চলাচলের উপযোগী করে রাখা ছিল।

কালভার্টের পাশে একটি বিকল্প রাস্তা থাকায় একমুখীভাবে যানবাহন চলাচল করছে জানিয়ে তিনি বলেন, এতে করে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

তবে রাতের মধ্যেই কালভার্টটি সংস্কার করা যাবে বলে আশা প্রকাশ করেন নির্বাহী প্রকৌশলী রাশেদুল।