চট্টগ্রামে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্নেলহাট এলাকার একটি বাসা থেকে এক নারী গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সেলিনা আক্তার (২৭) ভোলার চর জব্বর উপজেলার দক্ষিণ চর মহিউদ্দিন ইউনিয়নের মো. ইমরানের মেয়ে।
রোববার বেলা আড়াইটার কর্নেল হাট এলাকার পোস্ট অফিস গলিতে তার বাসা থেকে সেলিনার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্নেল হাট এলাকার বাসায় সেলিনা তার দ্বিতীয় স্বামী মো. ইউসুফের সঙ্গে বাস করতেন।
“ওই এলাকার লোকজন ঘরে সিলিংয়ের সাথে সেলিনার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয়।”
পুলিশ কর্মকর্তা জাকের জানান, উদ্ধার করা লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, “সেলিনা পারিবারিক কলহ থেকে আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এসআই জাকের বলেন, “স্বামী ইউসুফ পলাতক রয়েছে। সেলিনা একটি গার্মেন্টসে চাকরি করলেও কিছুদিন আগে তা ছেড়ে দেয়।”
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
