২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটিতে বিএনপি

নিউ ইয়র্কে মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদকে সংবর্ধনা দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ‘সার্বজনীন সংবর্ধনা কমিটি’, যাতে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতিও রয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 03:36 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

১৬ জুন নিউ ইয়র্কে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২০ জুন পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থান করবেন।

১৭ জুন স্থানীয় সময় বিকাল ৪টায় লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে ‘সার্বজনীন সংবর্ধনা কমিটির’ পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেয়া হবে।

সংবর্ধনার প্রচারপত্রে আমন্ত্রণকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটের নামও রয়েছে।

প্রচারপত্রে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও আওয়ামী লীগের ৩ নেতার পরই সম্রাটের নাম রয়েছে।

এ প্রসঙ্গে বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট বলেন, ‘রাষ্ট্রপতি হচ্ছেন সব বাংলাদেশীর অভিভাবক। তিনি কোনো দলের নন। এজন্যে আমরা সংবর্ধনায় যাচ্ছি।’ 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি প্রকৃত অর্থেই বাংলাদেশের অভিভাবক। সে কারণেই আমি চেষ্টা করছি নিউ ইয়র্কে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সমন্বয়ে সংবর্ধনা দিতে। সমাজের সর্বস্তরে প্রতিনিধিরা রয়েছেন সংবর্ধনার সঙ্গে।’