২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল আলম জানান, রোববার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

গত ৯ এপ্রিল এ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের মৃত্যুতে‌ আসনটি শুণ্য হয়।

এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ।

সকাল সোয়া ৮টার দিকে নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জেবুন্নেছা। এসময় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।

তবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনএফের সাইফুল ইসলাম লিটন বরিশালের ভোটার না হওয়ায় তিনি ভোট দেননি। এছাড়া কেন্দ্রে কোন এজেন্টও দেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এবং তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভোটারদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ ও আনসার, ১৮০ জন বিজিবি, ১৮০ জন র‌্যাব এবং ১৩০ জন কোস্টগার্ড সদস্য কাজ করছে। রয়েছে ভ্রাম্যমাণ আদালতও।

বরিশাল সিটি কর্পোরেশন এলাকা এবং সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ২২৮ জন।