২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে ‘লিঁয়াজো’ অফিস করতে সম্মত বিজিপি-বিজিবি

অস্ত্র, মাদক এবং মানব পাচার রোধে সীমান্তে একটি ‘লিঁয়াজো’ অফিসের ব্যাপারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার বর্ডার গার্ড (বিজিপি) একমত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 11:30 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, লিঁয়াজো অফিসের ব্যাপারে দুইপক্ষ একমত হলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দেয়া  ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’র প্রস্তাবটি নিয়ে সরাসরি কিছু জানায়নি বিজিপি।

বরং এ ব্যাপারে আরো পর্যালোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা বলেছে বিজিপি।

বিজিপি’র হাতে বাংলাদেশের এক সীমান্তরক্ষী নিহত হওয়ার প্রেক্ষাপটে মিয়ানমারের নেপিতোতে দুইদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গত ১০ থেকে ১৩ জুন বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে সীমান্ত সংক্রান্ত এসব বিষয় আলোচনা হয়েছে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল আজিজ আহমেদ।

দুই দেশের সীমান্তভিত্তিক যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে তথ্য বিনিময় করা, পরস্পরের প্রতি সহযোগিতা বৃদ্ধি করা, পতাকা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, মোবাইল বা অন্য যেকোনো মাধ্যমে উভয় পক্ষের কমান্ডার ও স্টাফ ‌পর্যায়ে সরাসরি যোগাযোগ রক্ষাসহ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া ২৮ মে বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা উঠলে বিজিপি এ জন্য দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বৈঠকে মিয়ানমারের ইয়াবা ফ্যাক্টরির একটি তালিকা বিজিপি’র কাছে তুলে দিয়ে আইনানুযায়ি ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি কর্মকর্তারা অনুরোধ করেন ।