২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে নিবিড়তর বন্ধুত্বের আশাবাদ প্রধানমন্ত্রীর

চীন সফরের পর বাংলাদেশের সঙ্গে দেশটির অংশীদারিত্বের সম্পর্ক আরো নিবিড়তর হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 07:42 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শনিবার বিকালে সাম্প্রতিক চীন সফরের ওপর সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, “সার্বিক বিবেচনায়, চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক, বিজ্ঞান ও কারিগরিসহ সব ক্ষেত্রে সহযোগিতা, বন্ধুত্ব এবং অংশীদারিত্বের সম্পর্ক আমার চীন সফরের মধ্য দিয়ে নিবিড়তর হবে বলে আশা করা যাচ্ছে।”

প্রধানমন্ত্রীর এবারের সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ৫০০ কোটি ডলারের চুক্তি, সমঝোতা স্মারক এবং বিনিময়চুক্তি স্বাক্ষর হয়েছে।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে- ১৫ কোটি মার্কিন ডলারের ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক, ৫০ কোটি ডলারের রাজশাহীতে ওয়াসা পানি পরিশোধনাগার প্রকল্প, সাড়ে ৬৭ কোটি ডলারের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, ১০ কোটি ৭০ লাখ ডলারের চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে দ্বিতীয় সড়ক-রেল সেতু, ৯২ কোটি ডলারের চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ, ১০০ কোটি ডলারের ইস্টার্ন রিফাইনারি ও সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প।

এছাড়া  পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১০৪ কোটি ডলারের এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা বিদ্যুৎ প্রকল্পেও সই করেছে বাংলাদেশ ও চীন। 

প্রধানমন্ত্রী তার লিখিত ব্ক্তব্যে বলেন, “চীনের রাষ্ট্রপতি আশা করেন, এই সম্পর্ক অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।”

“পারস্পরিক বিশ্বাস, সমতা এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘ইকোনোমিক পার্টনারশিপ’ থেকে পর্যায়ক্রমে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নীতকরণের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।”

চীনা রাষ্ট্রপতি স্বতঃষ্ফূর্তভাবেই বাণিজ্য ঘাটতির প্রসঙ্গটি তুলে এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

“এই ইস্যু নিরসনে চীনা সরকার সম্ভাব্য সব কিছু করবেন বলে আশ্বাস দিয়েছেন”, যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, সফরের অন্যতম সফলতা হচ্ছে  চীনা প্রকল্পে দেশটি তার বাৎসরিক অনুদানের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে।

তিনি জানান, আগে এই অনুদান ছিলো বছরে ১৫ কোটি ইউয়ান (চীনা মুদ্রার নাম) বা আড়াইকোটি ডলার। যা বাড়িয়ে দেশটি ৩০ কোটি ইউয়ানে (৫ কোটি মার্কিন ডলার)- এ উন্নীতের ব্যাপারে সম্মত হয়েছে।

শেখ হাসিনা বলেন, “সফরের প্রতিটি পর্যায়ে উষ্ণ অভ্যর্থনা, আন্তরিক আতিথেয়তা এবং গভীর সৌহার্দ্যিক প্রদর্শন বাংলাদেশ-চীন বন্ধুত্বের অকুণ্ঠ সমর্থনেরই প্রতিফলন।”

তিনি বলেন, “চীনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশকে তাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করেছেন বলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব  গড়ে তোলার ক্ষেত্রেও আমার এ সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

“দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে চীন-এর এই নতুন নেতৃত্বের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে, যা দু’দেশের মধ্যকার বিরাজমান সৌহার্দ্যমূলক সম্পর্ককে আরও সুসংহত করবে”, যোগ করেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।