২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবির হাট উচ্ছেদের প্রতিবাদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছবির হাট’ উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে হাটুরেদের পাশাপাশি শিল্পীও সংস্কৃতিকর্মীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 09:59 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

ছবির হাট উচ্ছেদ, শিল্পকর্ম নষ্টের অভিযোগ

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে গণসঙ্গীতের মাধ্যমে শতাধিক শিল্পী নগর কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিবাদ জানান।

গত মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ করা হয় ছবির হাট।

শিল্পী ও হাটুরে কামরুজ্জামান বলেন, “গত ১০ বছর ধরে শিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা এখানে বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করে আসছি। কখনো কোন বাধা আসেনি।

“কিন্তু হঠাৎ করে উচ্ছেদ অভিযানের নামে ছবির হাটের শিল্পকর্ম ভাংচুর করে প্রশাসন মূলত বাংলাদেশের শিল্পকেই ধ্বংস করার উদ্যোগ নিয়েছে।”

প্রতিবাদী গানে গানে হাটুরে ও শিল্পীরা বলেন, ছবির হাট একটি চেতনার জায়গা। চেতনা কখনো ধ্বংস করা যায়না। কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে যে শিল্পকর্ম ধ্বংস করা হল, এর পেছনে নিশ্চয় কোনো কুচক্রী মহলের হাত রয়েছে।

এর আগে বিকাল সোয়া ৫টার দিকে একটি প্রতিবাদী গানের মিছিল ছবির হাট থেকে শুরু হয়ে টিএসসি মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এরপর ছবির হাটে অবস্থান নিয়ে বিভিন্ন সংগীতের মধ্য দিয়ে শিল্পকর্ম নষ্টের প্রতিবাদ জানায় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারে চারুকলার শিক্ষার্থী ও শিল্পপ্রেমী মানুষের আড্ডায় ধীরে ধীরে গড়ে উঠে ছবির হাট।

২০০৩ সাল থেকে ছবির হাট নামে পরিচিত স্থানটিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পপ্রেমী মানুষের আড্ডা বসে। এছাড়া প্রতি শুক্রবার প্রদর্শিত হয় শিল্পীদের নিজস্ব শিল্পকর্ম, নাটক ও আলোকচিত্র।