মিরসরাইয়ে দুর্ঘটনায় প্রবাসী নিহত
মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনার পর এলাকাবাসী সোনা পাহাড় এলাকায় সড়ক অবরোধ করে।
মহাসড়কে পুলিশের চাঁদাবাজির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, মহাসড়কে একটি কভার্ড ভ্যান দ্রুত চলে যাওয়ার সময় একটি সিএনজি অটো রিকশাকে চাপা দেয়।
এতে অটো রিকশার যাত্রী সিরাজদৌল্লা মারা যান এবং এক নারীসহ আরো দুজন আহত হন।
পুলিশের চাঁদাবাজি এড়াতে ওই কভার্ডভ্যানটি দ্রুত পালাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এর প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করে।
তবে পুলিশের টাকা তোলার বিষয়টি অস্বীকার করে হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশে কভার্ড ভ্যানটি দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
“স্থানীয়রা মনে করেছিল, পুলিশ গাড়িটিকে থামিয়েছে। তাই তারা উত্তেজিত হয়ে সড়কে হৈ চৈ করে।”
অবরোধের কিছু সময়ের মধ্যেই পুলিশ বিক্ষুব্ধদের সরিয়ে দেয় বলে তিনি জানান।
