ফেনীতে বিয়ের মাইক্রোবাসে ছিনতাই
ফেনী সদরের একাডেমি এলাকায় বিয়ের মাইক্রোবাসে হামলা চালিয়ে কনেসহ অন্যদের কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়ার উত্তর সতের গ্রামের শারমিন আক্তার ফেনী শহরের একটি পার্লারে বিয়ের সাজে সেজে বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে তার বোনের স্বামী মো. মিন্টু জানিয়েছেন।
তিনি বলেন, "সকালে শারমিন ফেনী শহরের শহীদ হোসেন উদ্দিন বিপণী বিতানের ‘রাঙ্গা বিউটি পার্লার’-এ সাজতে আসে। দুপুরে ছাগলনাইয়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় কনেপক্ষের লোকজন। তাদের মাইক্রোবাসটি শহরের একাডেমি এলাকায় পৌঁছালে ওঁত পেতে থাকা ১০/১২ জন দুর্বৃত্ত একটি অটোরিকশা ও দুটি মোটর সাইকেল দিয়ে গতিরোধ করে।
এসময় দুর্বৃত্তরা রড ও লাঠি দিয়ে মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে কনের ও স্বজনদের প্রায় ১৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, "শহরের একাডেমি এলাকায় একটি বিয়ের গাড়িতে হামলা হয়েছে। ঘটনাটি ছিনতাই না অন্য কিছু সেটি পুলিশ তদন্ত করে দেখছে।"
কনের পরিবারের পক্ষ থেকে বিকাল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি জানিয়ে তিনি বলেন, "অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।"
অবশ্য ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
