২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে ঢাকায় সিটিও কাউন্সিল সভা

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) ৫৪তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 05:29 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বর ঢাকার রেডিসন হোটলে এই সভা হবে। উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্ম অধিবেশনও হবে এ ভেন্যুতে।

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মাওলা ভূঁইয়া জানান, কাউন্সিল সভায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়কমন্ত্রী, সচিব, রেগুলেটরি প্রধান, সরকারি-বেসরকারি সংস্থার পদস্থ কর্মকর্তাসহ প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেবেন। 

সিটিও বার্ষিক ফোরাম কমনওয়েলথভুক্ত দেশগুলোর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক স্টেকহোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে জানান তিনি।

গোলাম মাওলা বলেন, “এই ফোরামে ব্রডব্যান্ড নীতিমালা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন, নেক্সট জেনারেশন নেটওয়ার্ক, কনটেন্ট ও অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, আইপি টেকনোলজিসহ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।”

অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর‌্যালোচনা করতে সিটিওর একটি অগ্রবর্তী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে।

এ দলের সদস্য সিটিওর হেড অফ অপারেশন্স অ্যান্ড কর্পোরেট সেক্রেটারি লাসান্থা ডি অলউইস এবং আন্তজার্তিক ইভেন্ট ব্যবস্থাপক রবার্ট হেইম্যান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সিটিও আন্তজার্তিক পর্যায়ে টেলিযোগাযোগ, আইটি ও ইন্টারনেটসহ তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের নতুন জ্ঞান নিয়ে নানা কর্মসূচী আয়োজন করে।

কাউন্সিল সভা হচ্ছে সিটিওর সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা। এই সভায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্বের মাত্রা নির্ধারণ, ভবিষ্যৎ কর্মসূচী প্রণয়ন ও সংগঠনের অগ্রগতি পরীক্ষা করা হয়।

সিটিওর সদর দপ্তর লন্ডনে। বাংলাদেশসহ বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা ৫৩টি।

সংবাদ সম্মেলনে বিটিআরসি পরিচালক (মিডিয়া, আইটি ও প্রকাশনা) মো. সরওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।