সোমবার আসছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সোমবার ঢাকা আসছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এ সময় কম্বোডিয়ার সঙ্গে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনটি চুক্তি হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, যৌথ বিনিয়োগ সংক্রান্ত এবং সংস্কৃতি বিনিময় চুক্তি। এছাড়াও কৃষিতে প্রযুক্তির ব্যবহার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবে।
হান সেনের সফরসঙ্গী হিসেবে থাকবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, বনমন্ত্রী, মৎস্য সম্পদমন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
১৮ জুন কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
২০০১ সালে ২১ থেকে ২৩ জানুয়ারি সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়া সফর করেছিলেন।
