বরগুনায় অপহৃত কিশোরকে উদ্ধার, গ্রেপ্তার ১
বরগুনার তালতলী উপজেলায় এক ছাত্রাবাসের নিচ থেকে অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি মঠবাড়ীয়া উপজেলার সাফা বাজার থেকে বুধবার সন্ধ্যার দিকে আটক করা হয়েছে অপহরণকারী দলের প্রধানকে।
তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে অপহৃত হয় লাউপাড়া সাগর সৈকত বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র নাসিম উদ্দিন (১৩)। তার গ্রামের বাড়ি তাতিপাড়ায়। লাউপাড়ায় বিদ্যালয়টির ছাত্রাবাসে থেকেই পড়াশোনা করে সে।
আটক সোহেলের (২০) বাড়ি তালতলী উপজেলার বতিপাড়া গ্রামে। এসএসসি পাশ করে আর পড়াশোনা করেন তিনি।
নাসিম ও সোহেলের বাড়ি পাশাপাশি গ্রামে হওয়ায় তারা পূর্ব পরিচিত ছিলেন।
প্রাথমিক জি্জ্ঞাসাবাদে সোহেল তার নেতৃত্বে ৪/৫ জন মিলে নাসিমকে অপহরণ করা হয়ে বলে স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশকে তিনি আরো জানান, রাতে নাসিমকে তারা ছাত্রাবাসের নিচে থেকে কৌশলে ধরে নিয়ে যায়। এর পর নাসিমের বাবা আবদুল খালেক হাওলাদারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবী করে তারা।
ঘটনার পরপরই তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন খালেক হাওলাদার।
ওসি বলেন, “অভিযোগ পাবার পরেই নাসিমকে উদ্ধারে অভিযান শুরু হয়। এক পর্যায়ে অপহরণকারীদের মুক্তিপণ নেবার টোপ দিয়ে বুধবার সন্ধ্যার পরে সাফা বাজারের কাছ থেকে নাসিমকে উদ্ধারসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়।”
