২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন পাঁচ বিচারক

স্থায়ী বিচারক হিসাবে শপথ নিলেন হাই কোর্ট বিভাগের পাঁচ অতিরিক্ত বিচারক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 11:22 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বৃহস্পতিবার পুরাতন সড়ক ভবনে অবস্থিত সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি মোজ্জাম্মেল হোসেন তাদের শপথ পড়ান।

সকাল সাড়ে ১০টার পর শুরু হওয়া ওই শপথ অনুষ্ঠানে একে একে শপথ নেন বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম। রীতি অনুসারে ওই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন।

২০১২ সালের ১৪ জুন এই পাঁচ বিচারকসহ মোট ছয় জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। দুই বছরের মাথায় গত ৯ জুন তাদের মধ্যে ওই পাঁচজনকে স্থায়ী করা হয়। নিয়ম অনুসারে শপথের দিন থেকেই তাদের নতুন মেয়াদ ধরা হবে।

এই পাঁচ জনের সঙ্গে একই সময় অতিরিক্ত বিচারক হয়েছিলেন বিচারপতি এবিএম আলতাফ হোসেন।

প্রধান বিচারপতিসহ বর্তমানে আপিল বিভাগে আটজন বিচারক রয়েছেন। এখানে দুটি বেঞ্চের একটির নেতৃত্ব দিচ্ছেন প্রধান বিচারপতি নিজেই। অপরটির নেতৃত্বে রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা।

আর হাই কোর্ট বিভাগে ৮৯ জন বিচারক রয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত বিচারক হিসাবে রয়েছেন দুজন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

হাই কোর্টের বিচারকদের মধ্যে বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ ছয়জন সম-মর্যাদাসম্পন্ন আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন। বাকিরা হাই কোর্টে একক ও দ্বৈত বেঞ্চে বিচার কাজ চালান।