২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্লট প্রকল্প আর নয়, শুধু ফ্ল্যাট: মন্ত্রী

ঢাকার রাজউকের মাধ্যমে বা সরকারিভাবে আর কোনো প্লট প্রকল্প গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 12:32 AM

Updated : 22 Aug 2022, 06:28 PM

“প্লটের চেয়ে ফ্ল্যাটের মাধ্যমে অল্প জায়গায় অধিক লোকের আবাসনের ব্যবস্থা করা সম্ভব,” বলেছেন মন্ত্রী।

মঙ্গলবার ‘সুপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন : পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি উদ্যোগ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী কথা বলেন।

সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এই সেমিনারের আয়োজন করে।

গণপূর্তমন্ত্রী বলেন,“দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়কে গুরুত্ব দিয়ে প্লট বরাদ্দের মাধ্যমে আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬২ হাজার, উত্তরা তৃতীয় ফেজে ১৮ হাজার এবং ঝিলমিল আবাসিক প্রকল্পে ৩০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।”

“পরিত্যক্ত সরকারি বাড়িতে বহুতল আবাসিক ভবন নির্মাণ করে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার্সে পরিণত করা হবে। বিদ্যমান কোয়ার্টার্সগুলোতেও বহুতল ভবন নির্মাণ করে সরকারি বাসার সঙ্কট দূর করা হবে।”

মন্ত্রী বলেন, তেজগাঁও শিল্প এলাকাকে বাণিজ্যিকের পাশাপাশি আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

রাজধানীর সৌন্দর্য বর্ধনে হাতিরঝিল প্রকল্পের সঙ্গে বনানী-গুলশান লেককে সংযুক্ত করে দাসেরকান্দি পর্যন্ত নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি। দাসেরকান্দিতে একটি পরিশোধানাগার স্থাপন করে পরিষ্কার পানি নদীতে ফেলার ব্যবস্থা করা হবে।

রাজউকের তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী, ওয়াসা, সিটি কর্পোরেশনসহ সরকারের কয়েকটি সংস্থা সম্মিলিতভাবে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন করেছে।

আইবিএফবি’র প্রেসিডেন্ট হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব সোহেল আহমেদ চৌধুরী।

আলোচনায় অংশ নেন আইবিএফবির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম চৌধুরী, ড. হুমায়ুন কবীর প্রমুখ।