চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি
চট্টগ্রামের দেওয়ান হাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত হয়েছে দুই যুবক।
সোমবার সন্ধ্যায় নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে দেওয়ানহাট ফ্লাইওভারে দুজন ছিনতাইকারী এক ব্যক্তির টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে অটোরিকশায় করে পালিয়ে যায়।
এসময় ছিনতাইয়ের শিকার ব্যক্তি ফ্লাইওভার থেকে নিচে লাফিয়ে পড়ে অটোরিকশাটির গতিরোধ করে চিৎকার করে। তখন পথচারীরা ওই অটোরিকশায় থাকা দুই যুবককে ধরে মারধর করে।
ডবলমুরিং থানার এসআই চম্পক বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা গিয়ে ওই দুই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
