২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর যাচ্ছে গণজাগরণ মঞ্চ

মাসব্যাপী প্রচারণা কর্মসূচি 'গণজাগরণ ঘরে ঘরে'-এর  অংশ হিসেবে বুধবার গাজীপুরে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “১১ জুন বিকাল ৩টা থেকে গাজীপুরের শিববাড়ি, রেলস্টেশন, ছায়াবীথি ও আশেপাশের এলাকায় প্রচারণা চালানো হবে।”

গত ২৭ মে শুরু হওয়া এ কর্মসুচিটি দেশের বিভিন্ন স্থানে একযোগে চলছে।

ইমরান জানান, বুধবার বিকাল ৫টা থেকে গাজীপুর চৌরাস্তা ও আশেপাশের এলাকায় প্রচারণা চালানো হবে।

“সকাল ৮টায় শাহবাগ থেকে রওনা হয়ে গণজাগরণ মঞ্চ গাজীপুরের পথে বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় প্রচারণা চালাবে। যাত্রাপথে টঙ্গী বাজারে সকাল ১১টায়, কলেজগেটে দুপুর ১২টায়, বোর্ডবাজারে দুপুর ১টায় উপস্থিত থাকবে গণজাগরণ মঞ্চের কর্মীরা,” বলেন ইমরান।  

তিনি বলেন, “প্রচারে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের সাম্প্রতিক অবস্থা অবহিত করা এবং আগামীতে রায় বাস্তবায়নের সময়ে জামায়াত-শিবিরের সম্ভাব্য তাণ্ডব মোকাবেলায় জনগণকে দিকনির্দেশনা দেয়া হবে। জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে জনমতও তৈরি করা হবে।”

এছাড়া গণজাগরণ মঞ্চের ছয় দফার পক্ষে জনমত তৈরি এবং মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে গণমানুষের সম্পৃক্ততা তৈরির লক্ষ্যেও প্রচারণা চালানো হবে বলে  জানান তিনি।

গণজাগরণ মঞ্চের এই মাসব্যাপী কর্মসূচি চলবে ২৭ জুন পর্যন্ত।