২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

সম্পদের হিসাব দাখিল না করা সংক্রান্ত মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 07:11 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার আসামিপক্ষের একটি আবেদনের শুনানি নিয়ে আগামী ২৪ জুন সাক্ষ্য গ্রহণ শুরুর দিন রেখেছেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার বিচার চলছে।

এদিন রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নূর আহাম্মদ সাক্ষ্য দিতে আদালতে আসেন। কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় মাহমুদুর রহমানকে।

এ মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন আবেদন করার যুক্তি তুলে ধরে আসামিপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন জানায়।

মাহমুদুরের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, শুনানি নিয়ে আদালত সাক্ষ্য গ্রহণের নতুন দিন ঠিক করেন।

২০০৪ সালের দুর্নীতি দমন আইনের ২৬/১ ধারায় গত ২৮ এপ্রিল এ মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

গুলশান থানায় ২০১০ সালের ১৩ জুন দায়ের করা মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ১৩ এপ্রিল সম্পদের হিসাব চেয়ে বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে নোটিস দেয় দুদক।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি হিসাব না দেয়ায় তার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন।