২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক সাঈদ মোহাম্মদ ফের রিমান্ডে

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক কর্মকর্তা তাকের সাঈদ মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 06:47 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিত হাকিম চাঁদনী রূপমের আদালতে তাকে হাজির করে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।

শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

এই নিয়ে র‌্যাবের সাবেক এই কর্মকর্তাকে পঞ্চম দফায় রিমান্ডে নেয়া হচ্ছে।

দুপুরে তাকে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে কঠোর পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয় বলে তিনি জানান।

নিহতের স্বজনদের সাক্ষ্য

এদিকে র‌্যাবের গঠিত তদন্ত কমিটি সকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের রেস্ট হাউজে নিহতের পরিবারের স্বজনদের সাক্ষ্য নিয়েছে।

এদের মধ্যে রয়েছেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, বন্ধু ইদ্রিস আলী ইদু, নজরুলের বাবা আমান উল্লাহ ও ইলাহী সরকার।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাদেরকে নির্দিষ্ট সময়ে থাকার জন্য নোটিশ করা হয়েছিল। নজরুলসহ সাত জনকে অপহরণের পর যারা আদমজী র‌্যাব অফিসে গিয়েছিলেন তাদেরকেই সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়েছিল।

গত ২৭ এপ্রিল অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটির ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত জন। পরে তাদের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে।