ছিনতাইকালে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
রাজধানীর বনানী থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে বনানী মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বনানী থানার সেকেন্ড অফিসার আবু বকর।
গ্রেপ্তাররা হলেন- মামুন, আবু বকর, মোস্তফা কামাল লিটন ও আল-আমিন। তাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
তবে গ্রেপ্তারদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
সেকেন্ড অফিসার আবু বকর জানান, গ্রেপ্তাররা দুপুরে বনানী মসজিদের সামনে দিয়ে মাইক্রোবাসে করে যাবার সময় গাড়ি থেকে নেমে একটি রিকশার গতিরোধ করে। এ সময় তারা রিকশা যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
ওই রিকশা যাত্রীর চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা ছুটে গিয়ে তাকে উদ্ধার এবং ছিনতাইকারীদের গাড়ি ভাংচুর ও মারধর করে পুলিশে দেয়।
মো. হাশেম নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি থেকে নেমে ওই চার ভুয়া ডিবি পুলিশ এক রিকশা যাত্রীকে চড়-থাপ্পড় মেরে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
আশেপাশের জনতা এ সময় ছুটে গিয়ে তাদের মারধর করে গাড়ি ভাংচুর ও তাতে আগুন দেয়ার চেষ্টা করে।
