২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর ও রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 02:09 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

ফরিদপুর হাইওয়ে জোনের এএসপি বি এম আশরাফ জানান, শনিবার গভীর রাতে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন ও রোববার ভোরে ফরিদপুরের বোয়ালমারীতে লরির ধাক্কায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

এএসপি আশরাফ বলেন, রাত ২টার দিকে ঢাকা থেকে খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাস গোয়ালন্দ পৌরসভা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে দিগন্ত পরিবহনের চালক আব্দুল হালিম (৪৫) ও অপর একজন চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

হালিম খুলনার সোনাডাঙ্গার আদর্শপল্লীর আবুল বারেকের ছেলে। আরেক জনের পরিচয় জানাতে পারেন নি তিনি।

আহতদের রাজবাড়ী জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বোয়ালমারীর সৈয়দপুর এলাকায় লরির ধাক্কায় মারা যায় ওই এলাকার নির্মাণ শ্রমিক শংকর (১৬)।