টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী থানার এসআই হাসানুজ্জামান জানান, তার বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, রাতে স্ত্রী ও বোনসহ সজল মিয়া নামে এক ব্যক্তি নোয়াখালীর মাইজদী থেকে এসে টঙ্গীর স্টেশন রোড বাসস্ট্যান্ডে নামেন।
এ সময় ছয় জনের একটি দল তাদের অস্ত্রের মুখে চোখ বেঁধে গাড়িতে তুলে পাশের আরিচপুর মধুমিতা হাউজ বিল্ডিং মুন্সিপাড়া মোড়ে নিয়ে যায়। সেখানে তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন সেট, দুটি রূপার চেইন ও সোনার কানের দুল ছিনিয়ে নেয়।
পরে ছিনতাইকারীরা সজলের স্ত্রী ও বোনের নাকফুল টেনে খোলার সময় তারা চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে সুজনকে ধরে পিটুনি দেয়, বাকিরা পালিয়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
