২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেইপিজেডের কাজে প্রভাবশালীদের ‘বাধা’

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (কেইপিজেড) কাজে স্থানীয় প্রভাবশালীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 09:30 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান নাসির।

কোরিয়ার ইয়ংওয়ান করপোরেশন এই ইপিজেডটির মালিক।

Image
চট্টগ্রামে কেইপিজেড’র পরিবেশ ছাড়পত্র বাতিল

চট্টগ্রামে কেইপিজেড’র পরিবেশ ছাড়পত্র বাতিল

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান নাসির বলেন, গত সোমবার (২ জুন) কেইপিজেডের সীমানার ১০০ গজ ভেতরে স্থানীয় কিছু লোক পাহাড় কাটতে গেলে বাধা দেয় ইপিজেডের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় পাহাড় কাটতে আসা লোকজন নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে।

গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম সম্মিলিত হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান তিনি।

ঘটনায় পরদিন কর্ণফুলী থানায় অভিযোগ দিতে গেলে তারা তা আমলে না নিয়ে উল্টো হয়রানি করেছে বলে অভিযোগ করেন হাসান নাসির।

“কেইপিজেডের ৫০০ গজ দূরে পুলিশ ফাঁড়ির সহায়তা চাইলেও তাদের সহযোগিতা পাওয়া যায়নি,” অভিযোগ নাসিরের।

তিনি বলেন, বরং উল্টো স্থানীয় প্রভাবশালীদের পক্ষ থেকে করা শহীদ মিনার ভাঙচুরের মামলা দিয়ে ইপিজেডের কর্মকর্তাদের হয়রানি করা হচ্ছে।

আনোয়ারা ও পশ্চিম পটিয়ায় অবস্থিত এই ইপিজেড এলাকায় বর্তমানে সাত হাজার শ্রমিকের কর্মসংস্থান রয়েছে।

হাসান নাসির বলেন, ১৯৯৯ সালে সরকারের কাছ থেকে ২ হাজার ৪৯২ একর জমি কেইপিজেড কর্তৃপক্ষ বুঝে নেয়ার পর নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। ইপিজেড সীমানার ভেতরে থাকা কবরস্থান ও ধর্মীয় উপসনালয়ের সীমানা দীর্ঘদিন ধরে নির্ধারণ করছে না জেলা প্রশাসন।

আনোয়ারার সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এ বিষয়ে ব্যবস্থা নেয়ার  আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে কেইপিজেডের উপদেষ্টা প্রকৌশলী জিয়া হুসেন, আইন উপদেষ্টা এটিএম আফতাব উদ্দিনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।