দুই সচিবসহ ৮ জনের বিরুদ্ধে আমার দেশের ক্ষতিপূরণ মামলা
প্রকাশনা বন্ধে আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে স্বরাষ্ট্র ও তথ্য সচিবসহ ৮ জনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৪র্থ যুগ্ম জেলা জজ আবু তাহেরের আদালতে ২১৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৭৪ টাকা ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করা হয়।
বাদীর আইনজীবী তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটিতে এখনো আদেশ দেয়া হয়নি।
স্বরাষ্ট্র ও তথ্য সচিব ছাড়া মামলার অন্য বিবাদীরা হলেন- পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা জেলা প্রশাসক, উপ-পুলিশ কমিশনার তেজগাঁও অঞ্চল, গোয়েন্দা পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গতবছরের ১১ এপ্রিল আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর পত্রিকাটির ছাপাখানা সিলগালা করে দেয় পুলিশ।
এরপর আমার দেশ কর্তৃপক্ষ মগবাজারে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের আল ফালাহ প্রিন্টিং প্রেসে পত্রিকা ছাপানো শুরু করলে ওই বছরের ১৩ এপ্রিল রাতে সেখানেও অভিযান চালিয়ে ৬ হাজার কপি ‘আমার দেশ’ জব্দ করার পাশাপাশি ১৯ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার আরজিতে বলা হয়, গত ২৮ মে একই দাবিতে ওই আট জনের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন মাহমুদা বেগম।
এতে বলা হয়, “বিবাদীরা গত বছরের ১১ এপ্রিল অসৎ উদ্দেশ্যে আইন ও বিধি বহির্ভূতভাবে কোনরূপ আইনি আদেশ ছাড়াই আমার দেশ পাবলিকেশন্স লিঃ-এর প্রকাশনা অফিস সিলগালা করে বন্ধ করে দেয়। আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে প্রিন্টিংয়ের উদ্যোগ নিলেও পুলিশ একই পন্থায় সেখান থেকেও কোনো কাগজপত্র প্রদর্শন ছাড়াই একতরফাভাবে পত্রিকার মালামাল জব্দ করে এবং পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়।”
“এতে ২শ’ ১৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬শ’ ৭৪ টাকা ক্ষতি সাধন করে। তৎসঙ্গে সমপরিমাণ অংকের টাকা কোম্পানির ব্যবসায়িক সুনাম, যশ ও খ্যাতি ক্ষুন্ন করেছে।”
এর ফলে আমার দেশ পাবলিকেশন্সের সঙ্গে যুক্ত সবাই সম্পূর্ণভাবে নিঃস্ব ও দেউলিয়া হয়ে পড়েছে বলে আরজিতে বলা হয়েছে।
