২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্যজীবীদের পরিচয়পত্র দেয়া হবে: মুহিত

প্রকৃত মৎস্যজীবীদের সনাক্ত করে নিবন্ধন ও পরিচয়পত্র দেয়ার লক্ষ্য নিয়ে প্রস্তাবিত বাজেটে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে এক হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, “গবাদি পশুর বাণিজ্যিক উৎপাদন বৃদ্ধির সহায়ক পরিবেশ সৃষ্টি, জাতীয় চিংড়ি নীতিমালা ২০১৪ প্রণয়ন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“প্রকৃত মৎস্যজীবীদের সনাক্ত করে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করা হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের এক লক্ষ ১১ হাজার ৬৩১ বর্গ কিলোমিটার এলাকায় সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হবে।”

অর্থমন্ত্রী বলেন, “এ লক্ষ্যে ফিশিং গ্রাউন্ড চিহ্ণিতকরণ, মৎস্য সম্পদের প্রজাতিভিত্তিক মজুদ নিরুপণ এবং সর্বোচ্চ সহনশীল মৎস্য আহরণের মাত্রা নির্ণয়ে উদ্যোগ নেয়া হবে।

“জলাশয় সংশ্লিষ্ট সুফলভোগী ও মৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত সমবায়ভিত্তিক সংগঠনের মাধ্যমে মৎস্যচাষ ব্যবস্থাপনা প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা ও গবাদি পশুর জাত উন্নয়ন এবং খামারিদের প্রশিক্ষণ প্রদান অব্যাহত থাকবে।”

২০১৪-১৫ অর্থবছরে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে মোট বরাদ্দ প্রস্তাবনা করা হয়েছে এক হাজার ৩৪৪ কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের শূন্য দশমিক ৫৩ শতাংশ।

এরমধ্যে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬৪২ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৭০২ কোটি টাকা।

গত বছরে এই খাতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিলো এক হাজার ৬১ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা কমে এক হাজার ৬৬ কোটি টাকা হয়।