২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নীলফামারী সদরে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 05:30 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

সদর থানার ওসি শাজাহান পাশা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটি ইটাখোলা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

একই ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে সেলিম ওরফে ব্যাঙ্ক (২০) এ ঘটনা ঘটিয়েছে বলে মেয়েটির পরিবারের সদস্যরা দাবি করছেন।

শিশুটির বাবাকে উদ্ধৃত করে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে সেলিম শিশুটিকে তার বাড়িতে একা পেয়ে জোর করে বাড়ির পিছনের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে, পরে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রওনক মাশরাফি জানান, ধর্ষণের আলামত পাওয়া গেছে, তবে শিশুটি বর্তমানে আশংকামুক্ত।

এ ঘটনায় বুধবার রাতেই মেয়েটির মা নীলফামারী থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে সেলিম পলাতক রয়েছে বলে ওসি জানান। সেলিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।