২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ্যা চরের সোনা বাদাম

ফরিদপুরে পদ্মা-মধুমতি-কুমার নদীর কোল ঘেঁষে এক সময়ের বন্ধ্যা চরে বাদাম চাষে ভাগ্য ফিরছে চাষির।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 03:25 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

জেলার অর্ধশতাধিক চরের বাসিন্দারা এখন ব্যস্ত বাদাম চাষে। বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে এসব চর। অল্প সময়ের জন্য জেগে ওঠা এসব চরে কম খরচে লাভজনক ফসল হিসেবে বাদামকেই বেছে নিয়েছে চাষিরা।

এক সময় চরের মাটিকে বন্ধ্যা হিসেবেই দেখা হতো। এসব চরে কোনো আবাদ করার চিন্তা করত না চাষিরা। বিস্তীর্ন এলাকার হাজারো একর জমি পতিত থাকত, কিস্তু সময় বদলেছে। জেলার বিভিন্ন চরাঞ্চল এখন সবুজে ছাওয়া।

জেলা সদর, মধুখালী, আলফাডাঙ্গা, চরভদ্রাসন, বোয়ালমারী, সদরপুরে প্রায় অর্ধশত চর জেগে উঠেছে। এসব এলাকার জেড়ে ওঠা চরে অন্য ফসল ভালো না হওয়ায় গত ৭/৮ বছর ধরে চাষাবাদ করা হচ্ছে চিনা বাদামের।

বাদামকে ‘চরের সোনা’ অভিহিত করে নর্থ-চ্যানেলের বাদামচাষি হামিদ আলী মন্ডল বলেন, “চরের মানুষের জীবন ও জীবিকায় ব্যাপক পরিবর্তন এনেছে বাদাম চাষ।

“বাদামের কোনো অংশই ফেলনা নয়। সবুজ পাতাটাও গোখাদ্য হিসেবে কাজে লাগে।”

তিনি জানান, এখানে কারো জমি না থাকলেও অন্যের জমিতে কাজ করে সংসার খরচ মেটাচ্ছে অনেকেই।

অনেক চরাবাসী জানান, এখানকার অনেক মানুষ আগে শহরে কাজ করে জীবন চালাতো। তবে গত কয়েক বছরে বদলে গেছে এ এলাকার মানুষের জীবনচিত্র।

মধুখালীর বাগাট ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম ফকির বলেন, “আমার এলাকায় বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়াই নদীর চর জেগে উঠেছে।

“কৃষি বিভাগের সহায়তায় চর এলাকায় কয়েকবছর ধরে চিনা বাদাম চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।”

এ নিয়ে কথা হয় ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার ভৌমিকের সঙ্গে।

তিনি জানিয়েছেন, চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় ৫ হাজার ২০২ হেক্টর জমিতে চিনা বাদামের আবাদ হয়েছে।

তিনি বলেন, “এ হিসেবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৮৩৭ মেট্রিক টন।

“চরাঞ্চলে এমনিতেই অন্য ফসল ভাল হয় না, সেই বিবেচনায় আমরা তাদের বাদাম চাষের উৎসাহিত করেছি।”

বাদামই এখন ফরিদপুরের চরের অন্যতম অর্থকারী ফসল।