২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশায় ‘উধাও’ হয়েছিলেন তারা

নিখোঁজের তিন দিন পরে বাসায় ফিরেছেন চট্টগ্রামের সাবেক ছাত্র ইউনিয়ন নেতাসহ দুজন, যারা হতাশা থেকে যোগাযোগের বাইরে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 02:27 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বুধবার সন্ধ্যায় লিঙ্কন মজুমদার এবং রাতে ইসমাইল আজাদ শাকিল নিজেদের বাসায় ফিরে আসেন বলে কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান জানান।

“পরিবারের চাপে সৃষ্ট হতাশার কারণে তারা বাসা ছেড়ে চলে যান বলে পুলিশকে তারা জানিয়েছেন,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

রোববার বিকেল থেকে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এজন্য দুই পরিবার থেকে কোতোয়ালি থানায় জিডিও করা হয়।   

২৮ বছর বয়সী শাকিল চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং লিঙ্কন (১৬) নগরীর ইন্ডিপেনডেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র। দুজনই স্থানীয় ‘বিবর্তন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত।

লিঙ্কন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার তার বাবা তাকে বকাঝকা করার কারণে বাসা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

“রোববার রাতে আমার পকেটে ২৫০ টাকা এবং শাকিল ভাইর পকেটে ৩০ টাকা ছিল। সে টাকা নিয়ে তারা তুর্ণা নিশিথা ট্রেনে চড়ে ফেনী স্টেশনে যাই।”

সেখানে রাত কাটানোর পর শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন তারা।  

এসময় ইচ্ছে করেই দুজন মোবাইল ফোন বন্ধ করে রাখেন বলে জানান লিঙ্কন।

“তবে কেউ কোনো এসএমএস পাঠিয়েছে কি না তা জানার জন্য মাঝে মাঝে মোবাইল অন করি দেখি,” বলেন তিনি।

“মঙ্গলবার রাতে আমার ছোট ভাই এসএমএস দিয়ে জানায় আমার মা অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর পরই ফিরে আসার সিদ্ধান্ত নিই।”

এদিকে এরইমধ্যে টাকা শেষ হয়ে যাওয়ায় শাকিল তার এক পরিচিতকে বিকাশে টাকা পাঠানোর কথা বলেন। পরে সে টাকা দিয়ে দুইজন ফেনী থেকে চট্টগ্রামে ফেরত আসেন।

এসআই কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইজন পাহাড়তলী স্টেশনে নামার পর শাকিল আবার চলে যায়। পরে তার বন্ধুদের মাধ্যমে তাকে রাত সোয়া ১১টার দিকে আগ্রাবাদ থেকে নিয়ে আসা হয়।

এ ঘটনায় পরিবারের সচেতনতাকে দায়ী করে এসআই কামরুজ্জামন বলেন, সন্তানদের প্রতি অভিভাবকের নজর না থাকার কারণে এবং অসম বয়সী ‘বাউণ্ডুলে’ ছেলেদের সঙ্গে মেলামেশার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।