সিলেটে রোববার হরতাল
সিলেটে ওসমানী মেডিকেল কলেজে ছাত্রদল কর্মীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে দিকে কলেজ ক্যাম্পাসে তাওহীদুল ইসলামের জানাজা শেষে মহানগর বিএনপির সভাপতি এম এ হক সিলেট মহানগরে হরতালের ঘোষণা দেন।
এর আগে তাওহীদের প্রথম জানাজা হয় ওসমানী মেডিকেল কলেজ জামে মসজিদ প্রাঙ্গনে।
বুধবার সন্ধ্যায় কলেজের আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নম্বর কক্ষে তাওহীদকে কুপিয়ে আহত করে কয়েকজন যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগকে দায়ি করেছে বিএনপি ও ছাত্রদল।
এ ঘটনায় বৃহস্পতিবার সিলেট কোতোয়ালী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন তওহীদের চাচা আনোয়ার হোসেন মাতব্বর।
বেলা ১২টা পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান।
