ট্রাক মসজিদে, মুসল্লি নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে পড়লে চাপা পড়ে এক মুসল্লি নিহত হয়েছেন।
নিহত মোমিন মিয়া (২৪) একই উপজেলার রঘুনাথপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি আলমগীর সিদ্দিক জানান, ভোর ৫টার দিকে মহাসড়কের পাশে তেলিরচালা এলাকায় ওই মসজিদে ফজরের নামাজ শুরুর আগে ঝাড়ু দিচ্ছিলেন মোমিন মিয়া। এ সময় গাজীপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের ভেতরে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
