২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ৮

বগুড়া কার্যালয় দখল নিয়ে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে সদর থানার ওসিসহ ৮ জন আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 11:21 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সংঘর্ষ থামাতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আহত সদর থানার ওসি (তদন্ত) নূরে আলম সিদ্দিকী জানান, সোমবার থেকেই দুই গ্রুপের মহড়া চলছিল।

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৮টায় জেলা যুবলীগের সর্মথন নিয়ে ছাত্রলীগের একাংশ সাতমাথা জিরো পয়েন্টের পাশে দলের কার্যালয়ে অবস্থান নেয়। সেখান থেকে ৩০ গজ দুরে উদিচী অফিসের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল ও সাধারণ সম্পাদক মাশরাফী হিরোসহ জেলা ছাত্রলীগের নেতারা অবস্থান নেন।

“এই সময় ছাত্রলীগ আজিজুল হক কলেজ শাখার আহবায়ক বেনজীর আহমেদসহ ছাত্রলীগের সাবেক কিছু নেতা ও যুবলীগ কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে আসলে দুটি ককটলের বিস্ফোরণ ঘটে।”

এসময় তিনি নিজেসহ ৬ জন পুলিশ আহত হন বলে জানান ওসি নূরে আলম। এসময় ছাত্রলীগের দুই কর্মীও আহত হন।

ঘটনার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক।

এসময় তিনি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।