২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গার ভাগ্য পাচ্ছে কর্ণফুলী

দুই তীরে কয়েকশ শিল্প কারখানা, তেলচালিত বিদ্যুৎকেন্দ্র, ৬০ লাখের মানুষের গৃহস্থালী ও পয়ঃবর্জ্য আর নৌযান থেকে নিঃসরিত তেলে এক সময়ের খরস্রোতা কর্ণফুলী নদী ধীরে ধীরে ঢাকার বুড়িগঙ্গার ভাগ্য বরণ করতে যাচ্ছে। 

মিন্টু চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 11:16 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

পুরনো খবর:

পলিথিন নিয়ে ‘নির্লিপ্ত’ পরিবেশ অধিদপ্তর

গত ৬ মাসে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০টি শিল্প প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা জরিমানা করলেও কর্ণফুলীর দূষণ রোধ করা যাচ্ছে না, যেখান থেকে পানি সংগ্রহ করে পরিশোধনের পর সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম বলেন, “বাংলাদেশ অংশে প্রায় ৮৮ কিলোমিটার দীর্ঘ নদীটি চট্টগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিতে এখনো জোয়ার-ভাটা রয়েছে বলে টিকে রয়েছে।”

নদীর দুই তীরে গড়ে ওঠা ৭০০ প্রতিষ্ঠানের সবগুলোই নদী দূষণ করছে না দাবি করে তিনি জানান, যেসব কারখানায় ইটিপি নেই তাদের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।

কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলসহ (কেপিএম) দুটি বিদ্যুৎকেন্দ্রের অপরিশোধিত বর্জ্য, প্রতিদিনের গৃহস্থালি ও পয়:বর্জ্য সরাসরি নদীতে এবং বিভিন্ন খাল হয়ে নদীর পানিতে মিশছে বলে জানান তিনি।

এছাড়া সিটি করপোরেশন এলাকার কিছু অপরিশোধিত বর্জ্য সরাসরি নদী দূষণ করছে বলে দাবি তার।

২০১০ সালে পরিবেশ অধিদপ্তরের এক জরিপ অনুযায়ী, নদী তীরের ১৪১টি ছোট বড় কারখানা কর্ণফুলী দূষণে সরাসরি জড়িত। এর মধ্যে আবার ৩৫টি কারখানা লাল তালিকাভুক্ত (মারাত্মক দুষণকারী)।

আর নগরীর বিভিন্ন বাসাবাড়ি থেকে প্রতিদিন দেড় হাজার টন বর্জ্য সংগ্রহ করে সিটি করপোরেশন। পরে তা নির্ধারিত স্থানে ডাম্পিং করা হয়। এর থেকে কিছু বর্জ্য সরাসরি নদীতে চলে যায়। এছাড়া প্রতিদিন সরাসরি নদী ও খালে ময়লা ফেলা হয়।

বিপন্ন জীববৈচিত্র্য

পানিতে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) মাত্রা ৬ এর নিচে হলে তা জলজ প্রাণী ও উদ্ভিদের জন্য বিপজ্জনক বলে মনে করেন বিশেষজ্ঞরা।

কিন্তু কর্ণফুলীতে দ্রবিভূত অক্সিজেনের পরিমান ক্রমেই কমছে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় নদীর পানিতে ডিও পাওয়া গেছে প্রতি লিটারে ৫ দশমিক ১ মিলিগ্রাম। গত এপ্রিলে সদরঘাট খালের মুখে নদীতে ডিও পাওয়া গেছে ৩ দশমিক ৭৩ মিলিগ্রাম।

১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের গবেষণা অনুযায়ী কর্ণফুলী নদীতে ৭৬ প্রজাতির মাছ বিচরণ করত।

কিন্তু পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের হিসাবে বর্তমানে নদীর মিঠা পানির মাছের মধ্যে ২০ প্রজাতি এবং মিশ্র পানির ১০ প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। বাকি ২০ প্রজাতির মাছের অস্তিত্ব বিপদাপন্ন।

সম্প্রতি পরিবেশ দিবসকে সামনে রেখে অধিদপ্তরের ‘কর্ণফুলী কি বুড়িগঙ্গা হয়ে যাবে’ শীর্ষক সেমিনারের প্রবন্ধে কর্ণফুলী থেকে ফাইস্যা, কাঁচকি, রূপচান্দা, কালিচান্দা, পাঙ্গাস, বাচা, ভেটকি, পাশা, বাঁশপাতা, বারগুনি, লটিয়া, রিকশা, মধু পাবদা, পোয়া, গুলশা, মহাশোল, তেলে গুলশা, সাদা গানিয়া মাছ বিলুপ্ত হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রুই, কাতল, মৃগেল, পোয়া, বোয়ালি পাবদা ও বড় চিতল প্রজাতির মাছ কমতে শুরু করেছে বলে এতে উল্লেখ করা হয়।

দরকার সমন্বিত উদ্যোগ

চট্টগ্রামের পরিবেশ আন্দোলনের কর্মী শরীফ চৌহান মনে করেন, প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় কর্ণফুলী দূষণের মাত্রা বাড়ছে। এভাবে চলতে থাকলে এটি বুড়িগঙ্গার পরিণতি বরণ করবে।

এটিকে রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা ধরে রাখতে এ নদীকে বাঁচাতেই হবে।”

পরিবশে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম মনে করেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এ নদীর গুরুত্ব বুঝতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

এছাড়া চট্টগ্রামবাসীর পয়:বর্জ্য পরিশোধনের জন্য চট্টগ্রাম ওয়াসার জরুরি ভিত্তিতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা উচিত মনে করেন তিনি।