পলিথিন নিয়ে ‘নির্লিপ্ত’ পরিবেশ অধিদপ্তর
এক যুগেরও বেশি আগে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হলেও আইনের কার্যকর প্রয়োগের অভাবে ধীরে ধীরে আবার বাজার ছেয়ে গেছে পরিবেশের ক্ষতিকর এই বস্তুটিতে।
পরিবেশ দূষণের জন্য দায়ী কলকারখানাকে জরিমানা করা, নদ-নদী ও জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তরকে উদ্যোগী ভূমিকায় দেখা গেলেও পলিথিনের বিরুদ্ধে ততটা কার্যকর দেখা যায়নি তাদের।
পলিথিন ব্যাগ উদ্ধার ও আটকের পর মামলা না করে অভিযানের সময় নামেমাত্র ক্ষতিপূরণ বা জরিমানা আদায়ের কারণেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে পলিথিন সঙ্কট।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনী ২০০২) এর অধীনে ঢাকার পরিবেশ আদালতে পলিথিন আটক সংক্রান্ত মামলা বিচারাধীন আছে মাত্র ১৫/১৬টি। তাও ২০০৭ এবং ২০০৮ সালে দায়ের করা।
পরিবেশ আন্দোলনকারী, আইনজীবী ও পরিবেশবিদদের সঙ্গে আলাপচারিতায় পলিথিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতি নির্ধারক ও কর্তাব্যক্তিদের অনীহা-উদাসীনতার বিষয়টি উঠে এসেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালে পলিথিন নিষিদ্ধে সরকারের উদ্যোগকে সাধারণ মানুষ সাদরে গ্রহণ করলেও দুই বছরের মাথায় পরিবশে অধিদপ্তরের অমনোযোগ, অবহেলা আর আইনের যথাযথ প্রয়োগের অভাব স্পষ্ট হয়ে উঠে।
তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কর্মকর্তা বদরুল হক ভূইয়ার নেতৃত্বে একটি দল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করেছিল।তখন মহাপরিচালক ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা।
“ওই মহাপরিচালক নির্বাহী হাকিম, পুলিশের স্বল্পতার কথা বলে পলিথিনের বিরুদ্ধে ব্যাপক অভিযানের বিষয়ে খুব একটা সাড়া দেননি।”
নিজের সংগঠনের পরিসংখ্যান তুলে ধরে পরিবেশ আন্দোলনের এই সংগঠক বলেন, ২০০১ সালে শুধু রাজধানীতেই পলিথিন ব্যাগ তৈরির ৩০০ কারখানা ছিল। এই সংখ্যা এখন আরো বেড়েছে।
এসব কারখানা সিলগালা করে দিয়ে উৎপাদকদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন তিনি।
“এসব করতে খুব বেশি লোকবলের দরকার নেই। অথচ ওই মহাপরিচালক বলেছিলেন, বাজারে বাজারে আর দোকানে দোকানে যাওয়ার কথা। অবাস্তব ওই আলোচনা আমাদের হতাশ করেছিল।”
২০০০ সালে ঢাকায় পরিবেশ আদালতের কার্যক্রমের শুরুতে প্রথম মামলাটি ছিল সাভারের তেঁতুলঝোড়া এলাকার ইটভাটার বায়ু দূষণের বিষয়ে।
সে মামলা দায়েরকারীর আইনজীবী আহমেদ জুলফিকার বলেন, “ইট ভাটার বায়ু দূষণ, নদী ভরাট, কারখানার বর্জ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমদের অভিযান চোখে পড়লেও পলিথিনের বিরুদ্ধে তেমন কোনো অভিযান চোখে পড়ে না।”
তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইস উল আলম মণ্ডল।
“আমরা আমাদের সামর্থ্য মতো কাজ করে যাচ্ছি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারের পরিবেশ আদালতে পলিথিন সংক্রান্ত ৬০টি মামলা রয়েছে।”
গত পাঁচ বছরে পলিথিন অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালকের (এনফোর্সমেন্ট) কার্যালয় পলিথিন উৎপাদনকারীদের কাছ থেকে ২ কোটি ৭০ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে বলে দাবি করেন মহাপরিচালক।
একই সময়ে অধিদপ্তরের বিভিন্ন জেলা কার্যালয়গুলো ৬৪২টি পরিবেশ দূষণের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ২ হাজার ৬৭ মেট্রিক টন পলিথিন জব্দ করে বলে জানান তিনি।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্যের একমত নন ঢাকার পরিবেশ আদালতের রাষ্ট্রপক্ষের পিপি ফিরোজুর রহমান মন্টু।
তিনি বলেন, “পরিবেশ বিষয়ক আইন প্রণীত হওয়ার সময় বাংলাদেশের যত পলিথিন কারখানা ছিল তার চেয়ে কমপক্ষে ১০ গুণ কারখানা এখন।
“কিন্তু পরিবেশ অধিদপ্তরের এই পলিথিন উদ্ধার ও আটকের বিষয়ে আন্তরিকতা দেখা যাচ্ছে না। যদি থাকত, তাহলে প্রতিদিন শত শত পলিথিন বিক্রেতাকে আটক এবং শত শত কারখানা সিলগলা করে দেয়া হতো।”
তবে নানা সমস্যা-সঙ্কটে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন রইস উল আলম মণ্ডল।
তিনি বলেন, পলিথিনসহ ক্ষতিকর প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধে একটি পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়েছে।
আর আর আর (রিডিউস, রিইউজ, রিসাইকেল নামের এ প্রকল্পের নেতৃত্বে আছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হান্নান।
