২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবকে আলাদা বাহিনী করার দাবি বিএনএফ সাংসদের

পুলিশ বাহিনীর অধীনে না রেখে র‌্যাবকে আলাদা ও স্বাধীন বাহিনী হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনএফ’র সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই দাবি তোলেন।

 র‌্যাব বাতিলে বিএনপির দাবির প্রেক্ষিতে আবুল কালাম আজাদ বলেন, “দেশের সাধারণ জনগণের অনুভুতি র্যা বের পক্ষে। যারা ক্যাডার নিয়ন্ত্রিত রাজনীতি করে তারা র‌্যাবের বিলুপ্তি চায়।

“র‌্যাবকে পুলিশের অধীনে না রেখে স্বাধীন বাহিনী হিসেবে গড়ে তোলা হোক। যাতে সন্ত্রাসী-গডফাদার রাজনীতিকদের নিয়ন্ত্রণ করা যায়।”

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগের পর বিএনপি র্যা ব বাতিলের দাবি জানায়।

এর জবাবে শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “চট করে র‌্যাব বাতিল করা যাবে না।”

এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মইন উদ্দিন খান বাদল পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলেন, “তারেক জিয়া লন্ডনে বসে একের পর এক কথা বলছে। কথায় বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। এই কথাগুলো সংবিধানকে চ্যালেঞ্জ করছে। সংবিধানে জাতির পিতা, মুক্তিযুদ্ধের বিষয় স্পষ্ট করা আছে।

“ইনি লণ্ডনে বসে যা বলছে তা সংবিধানকে চ্যালেঞ্জ করছে। জাতির সামনে তাদের এক্সপোজার ও সরকারের করণীয় নির্ধারণ করতে হবে। তারেক জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাম-শ্যাম-যদু-মধুর বিষয়েও ব্যবস্থা নিতে পারবেন না।”

বাদল বলেন, “এমকে আনোয়ার বলেছেন ক্ষমতায় গেলে শাসনতন্ত্রকে টুকরা টুকরা করে ফেলবেন। এই বিষয়গুলোতে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। যদি মনে করি গণতান্ত্রিক টলারেন্স দেখাচ্ছি- যেখানে জাতির  অস্তিত্বের প্রশ্ন বিঘ্নিত হয় সেখানে টলারেন্স দেখানোর বিষয় থাকবে না।

“সরকারকে এ বিষয়ে যৌক্তিক পদেক্ষপ নেয়ার আহ্বান জানচ্ছি।”

হবিগঞ্জের চুনারুঘাটে উদ্ধার করা অস্ত্রের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন তিনি।