২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪’র সঙ্গে তুলনা করে ’৭০কে অপবিত্র করা হয়েছে: কামাল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে সাবেক আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনের সঙ্গে ২০১৪ সালের নির্বাচনকে তুলনা করে সত্তরের নির্বাচনকে অপবিত্র করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 08:56 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার সুপ্রিম কোর্টে একটি রিটের শুনানিতে আদালত পরামর্শকের ভুমিকায় বক্তব্য দেয়ার সময় কামাল বলেন, “ইয়েস আমি ৭০ এর নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম। ওই নির্বাচনে আমি ছিলাম জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট। উপনির্বাচনে বঙ্গবন্ধু আমাকে প্রার্থী দাঁড় করিয়েছিলেন।

“৭০ এর নির্বাচনের সঙ্গে ২০১৪ এর নির্বাচনের তুলনা করে ৭০ এর নির্বাচনকে অপবিত্র করা হয়েছে। আমরা সব মূল্যবোধ হারিয়ে ফেলেছি।”

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে কামাল হোসেনের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেন, উনিও তো ’৭০ ও ’৭৩ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। উনি কিভাবে এর সমালোচনা করেন।

সংসদীয় আসনের একক প্রার্থীকে সাংসদ ঘোষণার বিধান সম্বলিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা চ্যালেঞ্জে করে রিটটি হয়েছিল।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম গত ডিসেম্বরে রিট আবেদনটি করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি দশম সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন।

দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় আর এর বিরুদ্ধে আইনি লড়াই চালাননি বলে জানিয়েছেন সালাম।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে এই শুনানি হয়।

শুনানিতে কামাল বলেন, “বিগত নির্বাচন আগে কমিশনের উচিত ছিল সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। কমিশনের সামনে এখনও সে সুযোগ রয়েছে।

“এই নির্বাচন ত্রুটিযুক্ত। তাই আরেকটি নির্বাচন চাই। না হয় জনগণ এবং ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

কামাল হোসেন বলেন, “অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সরকারি প্রেসে মুদ্রিত গেজেট প্রকাশ করাই নির্বাচন কমিশনের কাজ নয়।”

তিনি বলেন, “আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। ৯ কোটি ভোটারের প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকতে হবে। প্রতিনিধিত্ত্বিশীল গণতন্ত্র তখনই থাকবে যখন জনগণের অংশগ্রহণের সুযোগ থাকবে।”

তিনি আরো বলেন, “সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের সাত বিচারপতি এ ব্যাপারে একমত পোষণ করেছিলেন যে, দশম এবং একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হতে পারে। ১৫ সদস্যের সংসদীয় কমিটিও একই মত দিয়েছিল।

“যে নির্বাচনে ৮০ ভোটার অংশ নেয় না সে নির্বাচনকে নির্বাচন বলা যায় না। সংবিধান কখনও গুরুত্বহীন দলিল নয়। বাংলাদেশে এখন প্রতিনিধিত্বশীল গণতন্ত্র নেই। নির্বাচন রাজনৈতিক দলগুলোর ব্যক্তিগত সম্পত্তি নয়।”

তিনি বলেন, “নির্বাচন হয়ে গেছে বলে পাঁচ বছর বসে থাকার সুযোগ নেই। এ মামলায় যদি সমাধান না হয় তাহলে নির্বাচন কমিশনের এখনও সুযোগ রয়েছে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া।”

তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি ফেরেশতা নই, আমি শয়তান নই, আমি আদম সন্তান। আমার ভুল হতে পারে। ভুল হলে আপনারা ভুল ধরিয়ে দিবেন। কিন্তু এখন ভুল শোধরানোর আর কোন চেষ্টাই দেখা যাচ্ছে না।

“নির্বাচনের আগে বলা হয়েছিল, এখন একটি নির্বাচন হোক। সমঝোতা হলে দশম সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন হবে।”

আরেকটি নির্বাচন না হলে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেন কামাল হোসেন।

আরেক অ্যামিকাস কিউরি সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার শুনানিতে অংশ নিয়ে দশম সংসদ নির্বাচনকে অবৈধ ও বেআইনী ঘোষণার জন্য আদালতের প্রতি অনুরোধ জানান।

ডিসেম্বরের রিট আবেদনে গত ১৬ ফেব্রুয়ারি হাই কোর্ট একটি রুল দেয়। এতে জানতে চাওয়া হয়, একক প্রার্থীকে সংসদ সদস্য ঘোষণার বিধান সম্বলিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা কেন সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না।

রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে।

২ মার্চ এই রিটে ৬ আইনজীবী ও বদিউল মজুমদার অ্যামিচি কিউরি হিসাবে নিয়োগ দেয়া হয়।

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৫৩ আসনে এককপ্রার্থী থাকায় তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সালামের রিট আবেদনে বলা হয়, জনগণের অংশগ্রহণ ছাড়া একক প্রার্থীদেরকে সাংসদ ঘোষণা করা হলে সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫(২), ১২১ এবং ১২২(১) ধারা লঙ্ঘিত হবে।