বান্দরবানে রোহিঙ্গাদের ভোটার বানানোর অভিযোগ
বন্দরবানের আলীকদম উপজেলায় মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভোটার তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে, যদিও তিনি তা অস্বীকার করেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় বান্দরবান প্রেসক্লাব সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান অভিযোগ করেন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বির আহমেদের সহযোগিতায় কয়েক হাজার রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ চলছে। জেলার ব্যবসায়ী, ইটভাটার মালিক, রাবার বাগান মালিক, কিছু রাজনৈতিক কর্মী ও জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজে সহযোগিতা করেছেন।
রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করার এ কাজে আন্তর্জাতিক ও দেশীয় কয়েকটি এনজিও বিপুল অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করেন তিনি। তবে, এনজিওগুলোর নাম বলেননি তিনি।
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করেছেন বলেও জানান তিনি।
ইউএনও মোতাকাব্বির আহমেদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি অসম্ভব। যদি হয়ে থাকে তাহলে মৌজা হেডম্যান, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরাই দায়ী।
