২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁস বন্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

প্রশ্ন ‘ফাঁস’ ও কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে আগামী ১৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনেরও ঘোষণা দিয়েছে তারা।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক জিয়াউল কবির দুলু বলেন, বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হলেও সরকার তথাকথিত তদন্ত কমিটি করে দায়িত্ব এড়িয়ে যায়।

“প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে না শিক্ষামন্ত্রী ও সরকারকে তার নিশ্চয়তা দিতে হবে।”

উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের পর ওই পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

তবে চলতি এইচএসসির পদার্থ, রসায়ন, গণিতসহ কয়েকটি বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রশ্ন ‘ফাঁসের প্রমাণ’ দিয়ে অধ্যাপক জাফর ইকবাল চারটি নিবন্ধ লেখেন। তার তিনটি নিবন্ধ গণমাধ্যমে প্রকাশের পরে শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদও একটি লেখায় তার জবাব দেন।

কিন্তু সরকারের পক্ষ থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা স্বীকার না করায় গত ২৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন জাফর ইকবাল। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

আগামী শুক্রবারও (৬ জুন) জাফর ইকবালের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে।

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’ ও শিথিলতার ফলে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও অভিযোগ করেন দুলু।

তিনি বলেন, কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করলেও তা বন্ধ হচ্ছে না।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম মিয়া ছাড়াও অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।