২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অপহৃত মামা-ভাগ্নে ঝিনাইদহে উদ্ধার

চুয়াডাঙ্গা থেকে অপহৃত এক স্কুলছাত্র ও তার মামাকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে উদ্ধার করেছে পুলিশ। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 10:44 AM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বুধবার ভোররাতে উপজেলার চটকাবাড়ি গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয় বলে হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানিয়েছেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

উদ্ধার আশিকুর রহমান অভি (১৪) ও তার মামা লিটন হোসেন (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর ও শিবনগর গ্রামের বাসিন্দা। অভি চুয়াডাঙ্গা বিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

ওসি এরশাদুল কবির বলেন, গ্রেপ্তার লাল্টু চুয়াডাঙ্গার সদর উপজেলার শিবনগর গ্রামের শুকুর আলি ছেলে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ)সদস্য।

মামা বাড়ি বেড়াতে গিয়ে রোববার রাতে অভি মামা লিটনের সঙ্গে টেলিভিশনে খেলা দেখার সময় ৮/৯ জন ব্যক্তি পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।

পরে তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আড়াই লাখ টাকা আদায়ও করে অপহরণকারীরা। বুধবার ভোররাতে বাকি আড়াই লাখ টাকা হরিণাকুণ্ডুর চটকাবাড়ি গ্রামের খালের পাড়ে দেয়ার কথা ছিল।

এ খবর পেয়ে পুলিশ আগে থেকে ওই এলাকায় অবস্থান নেয়। ভোররাত ৩টার দিকে টাকা লেনদেনের সময় পুলিশ ধাওয়া করে লাল্টুকে গ্রেপ্তার করে। তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়।