২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কনফারেন্সে সমস্যায় ওবায়দুল কাদের

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয় উদ্বোধন করতে গিয়ে স্কাইপে ‘সমস্যায়’ পড়লেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 11:34 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের জামালপুর জেলা সার্কেল উদ্বোধনের সময় স্কাইপে কথা শোনা গেলেও অন্যপক্ষকে দেখা যাচ্ছিল না।

এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, “কথা বলাবলি হচ্ছে, চোখাচোখি হচ্ছে না।”

অন্যপ্রান্তে জামালপুরের জেলা প্রশাসকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন উপস্থিত থাকলেও দেখা যাচ্ছিল না।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তখন জামালপুরে টেলিফোন করে বলেন, “ভয়েস কল নয়, ভিডিও কল রিসিভ করুন।”

এর পরপরই ভিডিও কনফারেন্সে চলে যায় উদ্বোধনী অনুষ্ঠান।

ভিডিও কনফারেন্সে জামালপুর সার্কেল উদ্বোধন করে যোগাযোগমন্ত্রী দেওয়ানগঞ্জ এলাকার ৪ কিলোমিটার রাস্তা খুব দ্রুত সংস্কারের নির্দেশ দেন।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, “রাস্তাটি এলজিআরডির অধীনে রয়েছে। এ বছরই তা সংস্কার করা হবে।”

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, “এ বছর না ও বছর, মানুষ বাঁচে কয় বছর?”

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ সার্কেলকে জোনে রূপান্তরের ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ নয়টি জোনের সঙ্গে ময়মনসিংহ যোগ হওয়ায় এ সংখ্যা ১০ এ দাঁড়ালো। আর আগের ২০টি সার্কেলের সঙ্গে জামালপুর যোগ হওয়ায় মোট সার্কেলের সংখ্যা দাঁড়ালো ২১টিতে।