২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকনাথ তিরোধান উৎসবে লাখো ভক্ত

হিন্দু ধর্মাবলম্বীদের মহাসাধক লোকনাথ ব্রহ্মচারীর ১২৪তম তিরোধান উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার সকালে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 08:42 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

এ তিরোধান উৎসবে যোগ দিতে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে সমবেত হয়েছে।

ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সোনারগাঁওয়ে বারদী ও এর আশপাশের এলাকা।

বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে জানান, ভক্তরা এসে আশ্রমের নিজস্ব হোস্টেল ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় এসে আশ্রয় নিয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান জানান, উৎসবে আগত ভক্তদের নিরাপত্তার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে হিন্দু ধর্মালম্বী লোকজন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

“যেকোন ঘটনা মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে।”

তবে অভিযোগ উঠেছে, অপরিকল্পিতভাবে রাস্তার উপর দোকানপাট বসানোয় যানজটে ভক্তদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এছাড়া উৎসবকে কেন্দ্র করে গণযানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

উৎসব উপলক্ষে বারদী মাঠে বসেছে সপ্তাহব্যাপী লোকজ মেলা।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে মঙ্গলবার সকালে প্রভাতী কীর্তন গেয়ে তিরোধান উৎসব শুরু হয়। দিনভর চলে গীতা পাঠ, বাল্যভোগ, লোকনাথের জীবনবৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ ও আরতী কির্তনসহ ধর্মীয় নানা অনুষ্ঠান।