২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা: মিনার ফের জিজ্ঞাসাবাদে

ফেনীতে একরাম হত্যার মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে (মিনার চৌধুরী) বুধবার বিকেল ৩টা পর্যন্ত পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:29 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্বিতীয় দফায় তাকে আরো সাত দিন রিমান্ডের নেয়ার আবেদন করে পুলিশ।

বিচারক খাইরুল আমিন তা না মঞ্জুর করে বুধবার পর্যন্ত জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,  আসামি জাহিদ হোসেন ভূইয়াকে দ্বিতীয় দফা ৩ দিনের রিমান্ড শেষে একই আদালতে তোলা হলে আদালত তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক। একরাম হত্যা মামলায় গোয়েন্দ পুলিশ তাকে গত ২৭ মে ঢাকা থেকে গ্রেপ্তার করে। পরদিন গত ২৮ মে তাকে ফেনীর আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

একরাম হত্যার সাথে জড়িত এ পর্যন্ত ১১ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ২৯ জনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।