২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননার অভিযোগ থেকে রেহাই পেলেন সিইসি হুদা

শামসুল হুদাকে উদ্ধৃত করে প্রকাশিত একটি প্রতিবেদন ভুল ছিল জানিয়ে ডেইলি স্টারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা বললে আদালত অবমাননার অভিযোগ থেকে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 12:25 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

ডেইলি স্টারের আইনজীবী মঙ্গলবার আদালতে ভুল স্বীকার করলে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ বিষয়ে জারি করা একটি রুল খারিজ করে দেয়।

এ সময় ইংরেজি দৈনিকটিকে ভবিষ্যতে এ সব ব্যাপারে সাবধান থাকতে সতর্ক করেছে আদালত।

এটিএম শামসুল হুদাকে উদ্ধৃত করে ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, “দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই। এই পরিস্থিতি নূর হোসেনের (৭ খুনের আসামি) মতো চরিত্রের উত্থান ঘটাচ্ছে।”

Image
এ টি এম শামসুল হুদা (ফাইল ছবি)

এ টি এম শামসুল হুদা (ফাইল ছবি)

‘নো রুল অব ল’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদন দেখে গত ১৮ মে স্বতঃপ্রণোদিত হয়ে শামসুল হুদাকে তলব করে আদালত।

বেলা ১১টার পর ওই শুনানিতে ডেইলি স্টারের পক্ষে আইনজীবী তানজীব উল আলম দাঁড়িয়ে বলেন, “আমাদের ওই রিপোর্টটি রং রিপোর্ট ছিল। ২৯ মে পত্রিকায় আমরা পাবলিকলি ক্ষমাও চেয়েছি।”

এরপর আদালত রুল খারিজ করে দিয়ে বলে, “এ সব বিষয়ে সাবধান থাকবেন।”

শুনানি শুরুর আগেই অবমাননার অভিযোগে আদালতের তলবে হাই কোর্টে হাজির হন এটিএম শামসুল হুদা।

এদিন তাকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেয়ার পাশাপাশি ওইদিন আদালত রুলও জারি করে। যাতে অবমাননাকর মন্তব্য করায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়।

পাশাপাশি ডেইলি স্টারকে তাদের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে বলা হয়। পরে গত ২৯ মে ‘We apologise’ শিরোনামে এক প্রতিবেদনে ক্ষমা চায় এই দৈনিক।

পুরনো খবর:

সাবেক সিইসি শামসুল হুদাকে আদালতে তলব