২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় পৌর মেয়রের স্ত্রী ও গৃহকর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসের নিচে চাপা পড়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর কবির বাদশার সহধর্মিনী ও তার গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 12:05 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ষোল মাইল এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইকবাল হোসেন জানান।

নিহতরা হলেন- মেয়র বাদশার স্ত্রী শামিনা চৌধুরী রিপা (৪৪) ও তার গৃহপরিচারিকা রজনী (১৪)।

পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ভোরে মহাসড়কের ষোল মাইল এলাকায় জয়পুরহাট থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস যান্ত্রিক ক্রটির কারণে মহাসড়কের ওপরে থেমে ছিল। সে সময় যাত্রীরা কোচ থেকে নেমে মহাসড়ক ও আশপাশে অবস্থান করছিলেন।

এ সময় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে থেমে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সামনের দিকে এগোলে দাঁড়িয়ে থাকা চার যাত্রী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিপা ও রজনী মারা যান।

ঘটনার পর বাস ও ট্রাক দুটিকে আটক করা হয়েছে বলে জানান সার্জেন্ট ইকবাল।